স্বাস্থ্য
ডেঙ্গুতে এক সপ্তাহে ১৩ মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ১৩৫
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি সেপ্টেম্বরের এক সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়ালো ১৩ জনে। এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন চট্টগ্রাম বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—১২৮ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগ মিলিয়ে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ১ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত সর্বমোট ১৩৫ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৬৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৫২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ১৮৪ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। এর মধ্যে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।