স্বাস্থ্য
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৯
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। একই সময়ের মধ্যে নতুন করে ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত ডেঙ্গু আপডেটে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে ৬৪ জন, বরিশালে ৪৫ জন, ঢাকার অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ময়মনসিংহে ৯ জন এবং খুলনা বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃত ১৪৭ জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে মারা গেছেন সবচেয়ে বেশি—৭৬ জন।
এছাড়া চট্টগ্রামে ২১ জন, বরিশালে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩ জন, রাজশাহীতে ৭ জন, খুলনায় ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় মারা গেছেন ২ জন।