স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৮৫ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৮৫ জন
ফাইল ছবি

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন ডেঙ্গু রোগী। রাজধানীর বাইরের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১২৫ জন, ঢাকার অন্যান্য জেলাগুলোতে ১২২ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ৮৯ জন, রাজশাহীতে ৩৯ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ৪ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৫০ জনের। আর এ পর্যন্ত মোট ৩৭ হাজার ৮৯১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।