স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন, ঢাকা সিটি করপোরেশনের বাইরে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

একই সময়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে বরিশাল বিভাগে পাঁচজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৯ হাজার ৬৩১ জন রোগী।

তথ্য অনুযায়ী, গত বছর ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।