স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৬৬৪ জন
দেশজুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২০৮ জন। রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকার অন্যান্য জেলায় ১১৭ জন, চট্টগ্রামে ৭৬ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ৪৭ জন, ময়মনসিংহে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের দিন (রোববার) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৮৯ জন নারী। এছাড়া, জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ১৭৩ জন রোগী।
প্রসঙ্গত, দেশে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি দেখা দেয় ২০২৩ সালে, সে সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনে। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।