স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৬৮ জন রোগী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ১৭৩ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায়ই মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধে সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায়।