স্বাস্থ্য

২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম

২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৮ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৩৮ জনে, আর মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ২৫৯ জনে রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৬৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের পরও দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকায় সতর্কতা শিথিল করা যাবে না। সময়মতো মশকনিধন কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা গ্রহণই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।