স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫১ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ২৩৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪১৪ জন।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান

বরিশাল বিভাগে: ১২৯ জন

চট্টগ্রাম বিভাগে: ৯৮ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১২০ জন

ঢাকা উত্তর সিটি: ১২০ জন

ঢাকা দক্ষিণ সিটি: ১১৭ জন

খুলনা বিভাগে: ১৩ জন

ময়মনসিংহ বিভাগে: ২৯ জন

রাজশাহী বিভাগে: ২২ জন

সিলেট বিভাগে: ৩ জন

গত একদিনে ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬৭ হাজার ৪৫৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সব মিলিয়ে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ৫১৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। যদিও অক্টোবরের শেষ সপ্তাহের তুলনায় মৃত্যুহার কিছুটা কমেছে, তবে সংক্রমণের হার এখনো উদ্বেগজনক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরেও ডেঙ্গুর ঝুঁকি পুরোপুরি কমেনি। অল্প বৃষ্টিপাত ও উষ্ণ আবহাওয়া মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তারা পরামর্শ দিয়েছেন—বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব বা টায়ারে জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করার।