স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১১৩৯ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১১৩৯ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগের সিটি এলাকার বাইরে ৮৯ জন, রাজশাহী বিভাগের সিটি এলাকার বাইরে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগের সিটি এলাকার বাইরে ৮২ জন, রংপুর বিভাগের সিটি এলাকার বাইরে ৫ জন এবং সিলেট বিভাগের সিটি এলাকার বাইরে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৭৭ হাজার ৯৮৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩২৩ জন।

এর আগের বছর ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং সে বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।