স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন রোগী।

সংক্রমণ শুরুর পর থেকে এ বছর মোট ৮৬ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৩ হাজার ৫৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৩২৭ জন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু-সংখ্যার দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল অক্টোবর মাস। ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ৮০ জন, যা এক মাসে সর্বোচ্চ মৃত্যু হিসেবে রেকর্ড হয়েছে।

নভেম্বর মাসে এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিনজন এবং মার্চ মাসে কেউ মারা যায়নি। এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৭ ও ৩ জনের মৃত্যু হলেও জুন মাস থেকে মৃত্যু বাড়তে থাকে। জুনে ১৯, জুলাইয়ে ৪১ এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।