স্বাস্থ্য
নরসিংদীতে এভারকেয়ার হসপিটাল ঢাকার দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে নরসিংদী জেলায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এটি হাসপাতালের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতির অংশ।
ক্যাম্পটি ২৮ ও ২৯ নভেম্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা নাজরীন, যিনি দুই দিনব্যাপী শতাধিক শিশু রোগীর আউটডোর চিকিৎসা এবং ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করেন। পাশাপাশি ডা. সোহেল আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি, শিশুদের সার্জারি সংক্রান্ত সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো: জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তারেক মো: আ: আল হোসাইন, এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগের চিকিৎসকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এভারকেয়ার হসপিটাল ঢাকা সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশুদের ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি-পূর্ব সহায়তা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। এভাবে সুবিধাবঞ্চিত শিশুদেরও বিশ্বমানের জন্মগত হৃদরোগ চিকিৎসা পৌঁছে দেওয়া হচ্ছে।
ডা. তাহেরা নাজরীন বলেন, “বিশ্বে এক হাজার শিশুর মধ্যে ৮ থেকে ১২ জন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের দেশে এই ধরনের চিকিৎসার চাহিদা তুলনামূলকভাবে কম। এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগ অক্লান্তভাবে সব স্তরের শিশুদের, বিশেষ করে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে সেবা দিতে বদ্ধপরিকর। এ মানবিক উদ্যোগে সরকারি ও বেসরকারি সব পক্ষের সহযোগিতা কামনা করি।”