স্বাস্থ্য
শীতকালীন রোগ প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ৭ নির্দেশনা
দেশের সব হাসপাতালে শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে এসব নির্দেশনার আলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। জনস্বার্থে শীতকালীন রোগের ঝুঁকি কমানো ও রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
নির্দেশনার মধ্যে প্রথমেই বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা বা যেসব স্থানে ঠান্ডা বাতাস প্রবেশ করে—সেগুলো দ্রুত পিডব্লিউডি, এইচইডি অথবা নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত ও সংস্কার করতে হবে। এর মাধ্যমে হাসপাতালের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
দ্বিতীয় নির্দেশনায় রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহের কথা বলা হয়েছে, যাতে শীতজনিত অসুস্থতা ও সংক্রমণের ঝুঁকি কমে। তৃতীয়ত, শীতকালীন রোগের চিকিৎসায় প্রয়োজনীয় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চতুর্থ নির্দেশনায় শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার কথা বলা হয়েছে। পঞ্চম নির্দেশনায় রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগের লক্ষণ, প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ষষ্ঠ নির্দেশনায় প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর কথা বলা হয়েছে। সপ্তম ও শেষ নির্দেশনায় হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারির মাধ্যমে শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে রোগীরা যথাযথ ও সময়োপযোগী সেবা পায়।
চিঠিতে উল্লেখ করা হয়, উপরোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।