স্বাস্থ্য
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর সংকট রয়েছে-এটা অগ্রহণযোগ্য।”
ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, এমন দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রথমদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও পরে তদন্তে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “আমি ফোন করলে পরিচালক দাবি করেছিলেন, মিডিয়া বাড়াবাড়ি করছে। কিন্তু পরদিন প্রতিবেদনে দেখা গেল, ঘটনাগুলো সত্য।”
সরকারি প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ভেন্টিলেটর সংগ্রহে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি সহায়তায় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে এবং আরও দুটি আনার চেষ্টা চলছে।
চিকিৎসকদের পেশাগত আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন, তাই তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। অতিরিক্ত চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসায় ভুল হতে পারে-এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
এছাড়া চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণ, বিশেষ করে যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসা পেশায় নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজের চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সঠিক পরামর্শ ও বিকল্প চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াও সুস্থ হওয়া সম্ভব। নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চিকিৎসকদের নিয়মিত অধ্যয়ন ও প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।
সবশেষে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বাস্থ্যমন্ত্রী।