স্বাস্থ্য
হাম সংক্রমণে উদ্বেগ, একজন থেকে ১৮ জনে ছড়ানোর শঙ্কা
দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩২ জন। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটির বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।
জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তার মতে, বর্তমানে দেশে টিকাদানের হার প্রায় ৮৫ শতাংশ হলেও মাত্র ৭২.৮ শতাংশ শিশু হামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে। ফলে প্রায় ২৭.২ শতাংশ শিশু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি জানান, দেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ শিশু জন্ম নেয়। এই হিসাবে বছরে প্রায় ৮ লাখ ৪০ হাজার শিশু হামের বিরুদ্ধে সুরক্ষাবিহীন থেকে যাচ্ছে, যা সময়ের সঙ্গে বড় আকারের ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। একজন আক্রান্ত শিশু থেকে আশপাশের আরও ১৮ জন শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। দেশের ঘনবসতি এই সংক্রমণকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি অপুষ্টি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা হামের জটিলতা বাড়িয়ে তোলে।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও ব্যাপক টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ডা. তাজুল ইসলাম। তিনি বলেন, সব শিশুকে হামের টিকার আওতায় আনতে হবে। বিশেষ করে আক্রান্ত এলাকার আশপাশে এবং দেশের অন্তত ৯৫ শতাংশ জেলায় ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এছাড়া, অভিভাবকদের গুজব বা ভুল তথ্য থেকে দূরে থেকে সময়মতো সন্তানদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডা. তাজুল ইসলাম।