স্বাস্থ্য
ফুরিয়েছে হাম, পোলিওসহ ৬ ধরনের টিকার মজুত
প্রতি বছর বাংলাদেশে জন্ম নেয় প্রায় ৪০ লাখ শিশু। তাদের সুরক্ষার জন্য জন্ম থেকে ১৫ মাস বয়স পর্যন্ত ১২টি রোগ প্রতিরোধে ৯ ধরনের টিকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে ৬ ধরনের টিকার মজুত শেষ হয়ে এসেছে। ফুরিয়ে যাওয়া টিকাগুলো হলো: হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টার, ও হেপাটাইটিস-বি। তবে এ সব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করেছে অধিদফতর
জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অপারেশনার প্ল্যান (ওপি) বাতিল হওয়ায় টিকা কার্যক্রমে বিপর্যয় সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় শিশুরা টিকাগ্রহণে বঞ্চিত হচ্ছে এবং টিকাদানের হার কমে গেছে।
পরবর্তীতে সব ধরনের টিকার জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়, যেখানে শিশুদের টিকার জন্য রাখা হয় ৮৪২ কোটি টাকা। টিকা সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারের মাধ্যমে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ সময় কেটে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, “আগে টিকাগুলো সরাসরি ইউনিসেফের কাছ থেকে কেনা হতো। এখন অর্ধেক ইউনিসেফ থেকে এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হচ্ছে। এই পরিবর্তনের ফলে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। আমরা পরিকল্পনা করছি, বাকি অর্ধেক সরাসরি কেনার মাধ্যমে মজুত বাড়াতে। এরপর সংকটপূর্ণ এলাকায় টিকা সরবরাহ করা সম্ভব হবে।”
উল্লেখ্য, সারাদেশে হাম রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশু ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।