স্বাস্থ্য

দেশের সব হাসপাতালের জন্য ৬ নির্দেশনা


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

দেশের সব হাসপাতালের জন্য ৬ নির্দেশনা
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের ১৮০ দিন পূর্তি সামনে রেখে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মিত করতে ছয়টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

২. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত মনিটর করবেন।

৩. মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

৪. বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত তারিখে তালিকা অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।

৫. সিভিল সার্জনরা প্রতি মাসের শনিবারগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন জমা দেবেন।

৬. ১৭ আগস্ট ২০২৬ সালের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন চালু করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে।