স্বাস্থ্য
দেশে প্রথমবার পূর্ণাঙ্গ রোবোটিক অস্ত্রোপচার, এক দিনে দুই রোগীর চিকিৎসা
বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রোবোটিক পদ্ধতিতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ইউনাইটেড হেলথকেয়ার। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটিতে সোমবার (৩১ আগস্ট) রোবোটিক প্রযুক্তির সহায়তায় দুই রোগীর অস্ত্রোপচার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় ইউনাইটেড হেলথকেয়ার কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম অস্ত্রোপচার করা হয় পিত্তথলিতে পাথর থাকা ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর। অধ্যাপক ডা. রফিকুস সালেহীনের নেতৃত্বে চিকিৎসক দল রোবোটিক পদ্ধতিতে পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার করেন।
এরপর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু অপসারণের অস্ত্রোপচার করা হয়। এতে নেতৃত্ব দেন অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলী।
দুটি অস্ত্রোপচারই বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের সহযোগিতায় সম্পন্ন হয়।
চিকিৎসকেরা জানান, রোবোটিক অস্ত্রোপচারে ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গ ও টিস্যু তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যায়। রোবোটিক বাহু ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম হওয়ায় শরীরের সংকীর্ণ ও জটিল অংশেও নিয়ন্ত্রিতভাবে অস্ত্রোপচার করা সম্ভব।
এ পদ্ধতিতে ছোট আকারের কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার করা যায়। ফলে রক্তক্ষরণ ও আশপাশের টিস্যুর ক্ষতি কমানোর সুযোগ থাকে। একই সঙ্গে অস্ত্রোপচারের পর রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বেশি থাকে।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবোটিক অস্ত্রোপচারে রোবোটিক বাহু মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়ার সীমাবদ্ধতা কাটিয়ে আরও নিখুঁত ও নিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে। বিশেষ করে জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচারের ক্ষেত্রে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় রোবোটিক অস্ত্রোপচারের ব্যয় বেশি। অধ্যাপক রফিকুস সালেহীনের ভাষ্য অনুযায়ী, প্রচলিত পদ্ধতির তুলনায় এ ধরনের অস্ত্রোপচারে খরচ প্রায় দুই থেকে তিন গুণ হতে পারে।
তবে দেশে রোবোটিক অস্ত্রোপচারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এর ব্যয় কমে আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে রোবোটিক অস্ত্রোপচার চালু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া রোগীদের একটি অংশ এখন দেশেই চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।
রোবোটিক অস্ত্রোপচারের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলী জানান, শিগগিরই হৃদ্রোগের অস্ত্রোপচার, স্নায়ুরোগের অস্ত্রোপচার, মূত্রনালি ও কিডনি-সংক্রান্ত অস্ত্রোপচার, সাধারণ অস্ত্রোপচার, স্ত্রীরোগ এবং বক্ষদেশের অস্ত্রোপচারেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে লক্ষ্য হলো যেসব উন্নত চিকিৎসার জন্য বর্তমানে রোগীদের বিদেশে যেতে হয়, সেসব চিকিৎসার সুযোগ দেশের মাটিতেই তৈরি করা। এর ফলে ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।