সারাবিশ্ব
উত্তেজনার মধ্যেই সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে নির্মিত নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ প্রকাশ্যে এনেছে ইরান।
বুধবার এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
প্রতিবেদনে বলা হয়, ইরানের এসব পানির নিচের সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে—ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর ‘নিরাপদ’ থাকবে না।
দ্য নিউ আরব জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি পানির নিচে থাকা এই মিসাইল সুড়ঙ্গের ভিডিও সম্প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙসিরি সুড়ঙ্গের ভেতরে অবস্থান করছেন।
প্রচারিত ভিডিওতে আরও দেখা গেছে, পানির নিচে থাকা মিসাইলগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। এসব সুড়ঙ্গকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।
নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি জানান, সমুদ্রের নিচে ইরানের মিসাইল সুড়ঙ্গের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এসব মিসাইল মূলত পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন থাকা মার্কিন নৌজাহাজ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি দাবি করেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে, যেগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তার ভাষায়, “এই মিসাইলগুলো যে কোনো মুহূর্তে প্রতিরক্ষামূলক জবাব দেওয়ার জন্য প্রস্তুত।”
বিপ্লবী গার্ডের এই নৌ কমান্ডার আরও জানান, ইরানের তৈরি ‘কাদের-৩৮০ এল’ মিসাইলে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ট্র্যাক করতে পারে।
এদিকে একই দিনে ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যদি সম্ভাব্য হামলা এড়াতে চায়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যেতে হবে এবং কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
বিশ্লেষকদের মতে, ইরানের এই মিসাইল সুড়ঙ্গ উন্মোচন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে এবং হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হচ্ছে।
সূত্র: দ্য নিউ আরব