সারাদেশ
বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে আ.লীগের জায়গা হবে না: এমপি বাদশা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বগুড়ার মাটিতে ভালোভাবেই আছেন। বিএনপি তাদের কোনো ক্ষতি চায় না। তবে তারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে বগুড়ার মাটিতে তাদের আর কোনো জায়গা হবে না।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথায় জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। নানা ধরনের ভয়ভীতি ও নির্যাতনের মুখেও তাদের রাজপথ থেকে সরানো সম্ভব হয়নি। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং দেশের মাটিতে থেকেই আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল একাই যথেষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিএনপি চায় না তাদের কোনো ক্ষতি হোক কিংবা তারা রাজপথে চলাচলের ক্ষেত্রে বাধার মুখে পড়ুক। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ালে বগুড়ার মাটিতে তাদের স্থান হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সহসাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর ইসলাম বিচিত্র ও এনামুল হক পান্না। এ ছাড়া উপস্থিত ছিলেন সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন ও আরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আনিসুল হক, সহসাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, শফিউল আলম শাফিন ও মহররম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
এর আগে, বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।