সারাদেশ

গোপালগঞ্জে যানবাহন বন্ধ, পেট চেপে হেঁটে ফিরলেন প্রসূতি; মায়ের কোলে ৭ দিনের নবজাতক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

গোপালগঞ্জে যানবাহন বন্ধ, পেট চেপে হেঁটে ফিরলেন প্রসূতি; মায়ের কোলে ৭ দিনের নবজাতক
ছবি: সংগৃহীত

লকডাউনের কারণে গণপরিবহন ও স্থানীয় যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী, প্রসূতি মা ও তাঁদের স্বজনদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ওষুধ সংগ্রহ, চিকিৎসকের কাছে যাওয়া কিংবা অসুস্থ স্বজনকে দেখতে এসেও যানবাহনের অভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। এমনই এক মানবিক ও দুর্ভোগের চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। সিজারিয়ান অপারেশনের পর সেলাই কাটাতে ক্লিনিকে গিয়ে ফেরার পথে পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় এক হাত দিয়ে পেট চেপে ধরে হাঁটতে দেখা গেছে এক প্রসূতি মাকে। অন্যদিকে তাঁর ৭০ বছর বয়সী বৃদ্ধা মায়ের কোলে ছিল মাত্র সাত দিনের নবজাতক।

ভুক্তভোগী ওই প্রসূতি মায়ের নাম মুসলিমা বেগম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গুচ্ছগ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী। মুসলিমা জানান, গত ২২ নভেম্বর গোপালগঞ্জ শহরের কোট মসজিদ রোডের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। অপারেশনের পর নির্ধারিত সময়ে সেলাই কাটানোর জন্য তাঁকে আবারও ক্লিনিকে যেতে হয়। কিন্তু লকডাউনের কারণে রাস্তায় কোনো অটোরিকশা, রিকশা কিংবা ভ্যান না পেয়ে বাধ্য হয়ে ৭০ বছর বয়সী মা সরু বেগম ও নবজাতককে সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই ক্লিনিকে যান।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হন তাঁরা। কোনো যানবাহন না পেয়ে শেষ পর্যন্ত হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দেন মুসলিমা। সিজারিয়ান অপারেশনের ক্ষতস্থানের সেলাই ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় এক হাত দিয়ে পেট চেপে ধরে ধীরে ধীরে হাঁটছিলেন তিনি। আর তাঁর বৃদ্ধা মা সরু বেগম কোলে নিয়ে যাচ্ছিলেন মাত্র সাত দিনের শিশুটিকে। লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় একজন সদ্য অস্ত্রোপচার করা মা ও তাঁর নবজাতককে এভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় ঘটনাটি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে জরুরি ওষুধ সংগ্রহ করতে গিয়েও চরম ভোগান্তিতে পড়ছেন গোপালগঞ্জ ও আশপাশের জেলার মানুষ। প্রয়োজনীয় ওষুধ স্থানীয়ভাবে না পাওয়ায় দূরদূরান্ত থেকে গোপালগঞ্জে আসতে হচ্ছে অনেক রোগীর স্বজনকে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন (৬৫) তেমনই একজন। স্ত্রী মমতাজ বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ‘মক্সিক্লাভ’ ইনজেকশন সংগ্রহ করতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে একটি পরিচিত ফার্মেসিতে আসেন তিনি।

মোশারফ হোসেন জানান, মোল্লাহাটের কোনো ফার্মেসিতে স্ত্রীর জন্য প্রয়োজনীয় ইনজেকশনটি পাওয়া যাচ্ছিল না। এ কারণে গোপালগঞ্জে আসতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু লকডাউনের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় তাঁর যাত্রাও সহজ ছিল না। অতিরিক্ত ভাড়া দিয়ে একটি ভ্যান ঠিক করতে হয়েছে। অনেক অনুরোধের পর সেই ভ্যানে করে গোপালগঞ্জে পৌঁছাতে পেরেছেন। তিনি বলেন, হরতাল কিংবা লকডাউনের মতো কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের উচিত অসুস্থ রোগী ও জরুরি চিকিৎসার বিষয়টি বিবেচনায় রাখা। মানবিক কারণে অন্তত রোগী ও তাঁদের স্বজনদের চলাচলের সুযোগ দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, ভাইয়ের মেয়ের সিজারিয়ান অপারেশনের খবর পেয়ে তাঁকে দেখতে গোপালগঞ্জের একটি ক্লিনিকে এসেছিলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের গৃহবধূ ডলি বেগম। কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় তাঁর যাত্রাও ছিল বেশ কষ্টকর। গোপালগঞ্জ জেলা পরিষদের সামনে কথা হলে তিনি জানান, বাড়ি থেকে গোপালগঞ্জে আসার পথে কখনো পায়ে হেঁটে, আবার কখনো অটোরিকশা ও ভ্যানে করে ভেঙে ভেঙে তাঁকে পথ পাড়ি দিতে হয়েছে। অনেক কষ্টে ক্লিনিকে পৌঁছে অসুস্থ স্বজনকে দেখে আবারও একই দুর্ভোগের মুখে পড়েছেন তিনি।

ডলি বেগম বলেন, স্বজনকে দেখার পর বাধ্য হয়ে পায়ে হেঁটেই বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এখনো তাঁকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। পথে অটোরিকশা, রিকশা কিংবা ভ্যান না পেলে পুরো পথই হেঁটে যেতে হবে। কখন বাড়িতে পৌঁছাতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, যেকোনো আন্দোলন, হরতাল কিংবা লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে সদ্য অস্ত্রোপচার করা রোগী, প্রসূতি মা, নবজাতক, বয়স্ক ব্যক্তি এবং গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা থাকা জরুরি। অন্যথায় যানবাহন চলাচল বন্ধের কারণে চিকিৎসা নিতে আসা মানুষকে আরও বড় স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হতে পারে।

গোপালগঞ্জের এসব ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, যেকোনো কর্মসূচির মধ্যেও মানবিকতা ও জরুরি চিকিৎসাসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কারণ, অসুস্থ মানুষের চিকিৎসা ও জীবন রক্ষার প্রয়োজন কোনো কর্মসূচির অপেক্ষায় থাকতে পারে না।