রাজনীতি
বাংলাদেশেও ‘রিজালুল ফজর’ ক্যাম্পেইন চালুর আহ্বান মামুনুল হকের
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অপরাধপ্রবণতা ও উঠতি বয়সী তরুণদের বিপথগামিতা রোধে দেশের প্রতিটি মসজিদ ও মহল্লায় ‘রিজালুল ফজর’ বা ‘ফজরের বীর’ ক্যাম্পেইন চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং ফজরের নামাজে অভ্যস্ত করে তোলার মাধ্যমে একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের সব মসজিদের ইমাম, খতিব ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, একজন মহান শিক্ষকের আহ্বানে আলজেরিয়া থেকে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ বা ‘ফজরের বীর’ ক্যাম্পেইনটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু আরব দেশগুলোতেই নয়, গত কয়েক দিনে বিশ্বের অন্যান্য দেশেও এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন মসজিদেও ক্যাম্পেইনটি চালু হয়েছে বলে জানান তিনি।
নতুন প্রজন্মের মধ্যে ইসলামি চেতনা ও ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ তৈরির বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, আজকের শিশুরাই আগামী দিনের উম্মাহর ভবিষ্যৎ নির্মাতা। তাই মুসলিম উম্মাহর জাগরণ ত্বরান্বিত করতে এ ধরনের উদ্যোগ বিশ্বের প্রতিটি মুসলিম দেশ, মসজিদ ও মহল্লায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর মতে, সেক্যুলার বিশ্বব্যবস্থার প্রভাবে যে প্রজন্ম ইসলামের শিকড় থেকে দূরে সরে যাচ্ছিল, সেই প্রজন্মের মধ্যেই আল্লাহর আনুগত্য এবং মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হওয়া অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও লেখেন, ইসলামের অন্তর্নিহিত শক্তি এমনই যে, নানা প্রতিকূলতা ও বাধার মধ্যেও সুযোগ পেলে তা নতুন করে জেগে ওঠে। দুনিয়ার বিভিন্ন শক্তি দিয়ে এ চেতনাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা ও আনুগত্যের আকাঙ্ক্ষা আবারও জেগে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বর্তমান সামাজিক পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং উঠতি বয়সী তরুণদের অপরাধপ্রবণতা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম উপায় হিসেবে তরুণ প্রজন্মকে মসজিদ ও আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, তারুণ্যকে মসজিদমুখী ও আল্লাহমুখী করার মধ্যেই এ সমস্যার কার্যকর সমাধান নিহিত রয়েছে। তাই দেশের প্রতিটি মসজিদ থেকে ‘ফজরের বীর’ ক্যাম্পেইন শুরু করা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি বাংলাদেশের সব মসজিদের সম্মানিত ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্যাম্পেইনটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মাওলানা মামুনুল হক ছয় দফা প্রস্তাবনাও তুলে ধরেছেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, প্রথমত, টানা ৪০ দিন নিয়মিত ফজরের নামাজে অংশগ্রহণকারী কিশোরদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ফজরের নামাজে অংশ নিতে আসা কিশোরদের মসজিদের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানাতে হবে, যাতে তারা উৎসাহিত হয় এবং মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হয়।
তৃতীয়ত, ফজরের নামাজ শেষে ইমাম সাহেব কিশোরদের উদ্দেশে প্রতিদিন একটি করে সংক্ষিপ্ত ও শিক্ষণীয় হাদিস উপস্থাপন করবেন। এরপর মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে তাদের জন্য হালকা আপ্যায়ন কিংবা নাশতার ব্যবস্থা রাখা যেতে পারে। এতে নামাজের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
চতুর্থত, সন্তানদের নিয়মিত ফজরের নামাজে অংশগ্রহণে উৎসাহিত করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে। পঞ্চমত, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও শিক্ষার্থীদের মসজিদমুখী হওয়ার বিষয়ে উৎসাহ দিতে হবে। ষষ্ঠত, বিভিন্ন সামাজিক সংগঠন ও মুসলিম এনজিওর উদ্যোগে ‘ফজরের বীর’দের জন্য শরীরচর্চা, খেলাধুলা এবং সুস্থ বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করতে হবে।
মাওলানা মামুনুল হকের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কিশোর ও তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে। একই সঙ্গে মসজিদকেন্দ্রিক ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরির মাধ্যমে নতুন প্রজন্মকে অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।