রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বনেতাদের প্রতি জামায়াত আমিরের আহ্বান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বনেতাদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি দখলদারিত্ব, সামরিক আগ্রাসন, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পবিত্র মসজিদুল আকসার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব দাবি জানান জামায়াত আমির। রোববার গণমাধ্যমে পাঠানো ওই বাণীতে তিনি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান।

বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনিদের ওপর পরিচালিত নির্মমতা, মানবাধিকার লঙ্ঘন এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেড়ে নেওয়ার ঘটনা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ডের নাম নয়; এটি মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র ভূমি। পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এই পবিত্র মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

জামায়াত আমির আরও বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জনগোষ্ঠীকে তাদের নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি থাকতে পারে না।

তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি সংকটের মূল কারণ হলো দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। এ সংকটের স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দখলদারিত্ব ও সামরিক আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দলটি বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পক্ষে জনমত গড়ে তুলতেও কাজ করেছে।

ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার আলোকে ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাণীর শেষাংশে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জামায়াত আমির বলেন, আল্লাহ যেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর রহমত ও সাহায্য বর্ষণ করেন, শহীদদের শাহাদাত কবুল করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ আশ্রয় দান করেন। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের ভূমিকে দখলদারিত্ব ও জুলুম থেকে মুক্ত করার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।