সারাবিশ্ব

‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরতলিতে ‘মোহাম্মদ’ নামটি পছন্দ না হওয়ায় এক উবার চালককে নৃশংসভাবে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সোমালি-আমেরিকান ওই চালক মোহাম্মদ ইউসুফ (৫১)। এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত ২৫ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়। মুসলিম নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৪ নভেম্বর মিনিয়াপলিসের শহরতলিতে ওই হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার সময় ইউসুফকে তাঁর গাড়ির সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয়। একপর্যায়ে তাঁকে নিজের গাড়ি দিয়ে চাপা দেওয়া হয় এবং পরে একটি খাদে ফেলে রাখা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে পাঁচবার অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রথমে দ্বিতীয়-ডিগ্রি হত্যাচেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে ইউসুফের মৃত্যুর পর মামলার অভিযোগের ধরন পরিবর্তনের কথা জানিয়েছেন হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয়-ডিগ্রি ইচ্ছাকৃত হত্যার অভিযোগে উন্নীত করা হবে।

এদিকে অভিযুক্ত প্যাটেলের আইনজীবী ক্যাথরিন টার্নার ই-মেইলে জানিয়েছেন, তাঁর মক্কেল মোহাম্মদ ইউসুফের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মামলাটি এখনো বিচারাধীন থাকায় জনসাধারণকে আগেভাগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন প্যাটেল ও তাঁর পরিবার।

আদালতের নথিতে উঠে এসেছে হামলার আগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইউসুফ যখন যাত্রীকে নিজের গাড়িতে তুলছিলেন, তখন তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাঁর ভাইও পেশায় একজন উবার চালক। ওই ফোনালাপের একপর্যায়ে ইউসুফের ভাই যাত্রীকে বলতে শোনেন, তাঁর ভাইয়ের ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই ফোনের অপর প্রান্ত থেকে ইউসুফের সোমালি ভাষায় চিৎকার শুনতে পান তিনি। এ সময় ইউসুফ বলছিলেন, তাঁকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।

তবে হামলার পেছনে ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ কাজ করেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ। হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, ঘটনাটি বিদ্বেষপ্রসূত হামলা ছিল-এমন অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত উদ্দেশ্য নির্ধারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মোহাম্মদ ইউসুফের বড় ছেলে মোস্তফা ওসমান জানিয়েছেন, তাঁর বাবা পাঁচ সন্তানের জনক ছিলেন। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, কেয়ার-মিনেসোটা এক বিবৃতিতে ইউসুফের পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী চালক এবং তাঁর পাশে দাঁড়ানো কমিউনিটির মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংগঠনটি তাঁর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার পাশে থাকার কথাও জানিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিনেসোটায় সবচেয়ে বড় সোমালি জনগোষ্ঠীর বসবাস। মোহাম্মদ ইউসুফের ওপর হামলা এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনায় স্থানীয় সোমালি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ধর্মীয় পরিচয় ও নামকে কেন্দ্র করে এমন হামলার অভিযোগ স্থানীয় অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি