সারাবিশ্ব

কৌশল বদলে আত্মঘাতী ড্রোন ব্যবহারে জোর দিচ্ছে ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

কৌশল বদলে আত্মঘাতী ড্রোন ব্যবহারে জোর দিচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’ অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের চতুর্থ দিনে এসে অভিযানে একটি কৌশলগত পরিবর্তন লক্ষ করা গেছে।

প্রাপ্ত তথ্যানুসারে, এই অভিযানে আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স এবং নৌ ইউনিটের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দায়িত্ব এখন মূলত আইআরজিসি নৌ ইউনিটের ওপর ন্যস্ত করা হয়েছে।

গত চার দিনের সংঘাতে দেখা গেছে, ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ঘাঁটিগুলোকে পুরোপুরি সুরক্ষা দিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ইরান তুলনামূলক কম খরচে কার্যকর আঘাত হানার কৌশল হিসেবে আত্মঘাতী ড্রোন ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আইআরজিসি নৌবাহিনীর কাছে থাকা বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অভিযানের ১৪ ও ১৫ নম্বর ধাপ আইআরজিসি নৌ ইউনিট পরিচালনা করেছে, যেখানে দক্ষিণ পারস্য উপসাগরের সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: তাসনিম নিউজ।