সারাবিশ্ব
জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় ব্যাপক সংঘর্ষ
লাতিন আমেরিকার দেশ পেরুতে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভ দমনে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে রাজধানী লিমা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়ার পর এবার পেরুতেও তরুণদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা পুলিশের দিকে পাথর ও লাঠি নিক্ষেপ করে। অপরদিকে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। খবর আরব নিউজ।
এএফপির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সম্প্রতি গঠিত যুব সংগঠন ‘জেনারেশন জেড’ এ বিক্ষোভের ডাক দেয়। দেশে সংগঠিত অপরাধের বিস্তার, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারকে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ায় আন্দোলন শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ৫৪ বছর বয়সী গ্লাদিস নামের এক নারী বলেন, “আজকের দিনে গণতন্ত্র আগের চেয়ে অনেক কমে গেছে। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে—ভয়, চাঁদাবাজি আর জুলুমের কারণে আমরা বিপর্যস্ত।” তবে তিনি নিজের নামের শেষাংশ প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ও নির্বাহী ভবনের দিকে অগ্রসর হতে চায়, তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানায়, এ সময় তাদের এক প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসন পুলিশের ছররা গুলিতে আহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে অন্তত তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। ইতিমধ্যে চাঁদাবাজি, দুর্নীতি ও সংগঠিত অপরাধ বৃদ্ধির কারণে জেন-জিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক জনমত জরিপে জনগণের একটি বড় অংশ সরকার ও কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে।
অসন্তোষের অন্যতম কারণ নতুন পেনশন আইন। গত সপ্তাহে পেরুর পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যাতে তরুণদের বাধ্যতামূলকভাবে একটি বেসরকারি পেনশন তহবিলে যুক্ত হতে হবে। অথচ বর্তমানে তাদের অনেকেই অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছেন, যা ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।