সারাবিশ্ব

সেনাপ্রধান থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন মিন অং হ্লাইং 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

সেনাপ্রধান থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন মিন অং হ্লাইং 
ছবিঃ সংগৃহিত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ৫ বছর পর আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হয়েছেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। 

আজ শুক্রবার (০৩) দেশটির সামরিকপন্থী পার্লামেন্টে ভোটে জয় পেয়ে তিনি এই পদে আসীন হন। সংসদে মোট ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ৬৯ বছর বয়সী এই নেতা।

এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারির নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত দল ব্যাপক ব্যবধানে জয় পায়। তবে পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে অভিহিত করে এবং সামরিক শাসনকে বৈধতা দেওয়ার কৌশল হিসেবে দেখছে।

নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংসদের ৮০ শতাংশের বেশি আসনে জয়লাভ করে। এছাড়াও সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত অনির্বাচিত আসনও রয়েছে, যা মোট আসনের এক-চতুর্থাংশ। 

প্রেসিডেন্ট হওয়ার আগে সামরিক নেতৃত্বেও বড় পরিবর্তন আনেন মিন অং হ্লাইং। তিনি তার স্থলাভিষিক্ত হিসেবে ঘনিষ্ঠ সহযোগী ইয়ে উইন উ-কে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, ২০২১ সালে নোবেলজয়ী নেত্রী অং সাং সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সেই অভ্যুত্থানের পর সু চিকে আটক করা হয় এবং দেশজুড়েশুরু হয় বিক্ষোভ।