আইন আদালত

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান
সারজিস আলম (বাঁয়ে) এবং মো. লুৎফর রহমান (ডানে)। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নে উল্লিখিত ২৫ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।”

নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন— আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল,

সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।

এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট লুৎফর রহমান, যিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।