আইন আদালত

মানহানি মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

মানহানি মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা
ছবি: সংগৃহীত

মানহানির এক মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টে তার করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন। আদালতের সমনে সাড়া না দিয়ে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন আমির হামজা।

অভিযোগে বলা হয়, টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করেছেন তিনি। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়।

ঘটনার সূত্রপাত ২৬ মার্চের এক বক্তব্যকে কেন্দ্র করে। সেদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে উল্লেখ করেন মুফতি আমির হামজা।

এই প্রেক্ষাপটেই মামলার সূত্রপাত এবং পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন তিনি।