লাইফস্টাইল
ভাত খাবেন, না রুটি? জেনেন নিন কোনটা শরীরের জন্য ভালো
বাঙালির খাদ্য তালিকায় ভাতের আলাদা একটি অবস্থান আছে। দুপুরের গরম ভাত, তার সঙ্গে একটুখানি মাছ বা ডালের ঝোল এ দৃশ্য যেন চিরচেনা। তবে স্বাস্থ্য সচেতন মানুষেরা আজকাল সেই চেনা পথে হাঁটছেন না। ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কেউ কেউ রুটির দিকেই ঝুঁকছেন।
এ নিয়ে অনেকেই দ্বিধায় পড়েছেন ভাত খাবেন, না রুটি? কোনটা শরীরের জন্য ভালো?
খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। একজন মানুষের বয়স, কাজের ধরন, স্বাস্থ্যের অবস্থা ও অভ্যাস অনুযায়ী খাবার বেছে নেওয়া উচিত।
ঢাকার পুষ্টিবিদ নাজনীন হুসেন বলছেন, “ভাত ও রুটি দু’টিতেই শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। তবে বিষয়টি নির্ভর করে কী ধরনের চাল বা আটা ব্যবহার করা হচ্ছে তার ওপর।”
তিনি জানান, বেশি পালিশ করা সাদা চাল কিংবা ময়দা দিয়ে বানানো রুটি উভয়ই শরীরে দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু মোটা আটা দিয়ে বানানো রুটি, কিংবা পালিশ ছাড়া ছোট দানার চাল তুলনামূলক ভালো।
একই মত দিল্লির চিকিৎসক এম ওয়ালিরও। তার মতে, রিফাইন্ড আটা বা ময়দা এখন অনেকটাই চিনি বা লবণের মতো ক্ষতিকর হয়ে উঠেছে। অতিরিক্ত প্রসেস করা খাবার শরীরে নানা ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।
তবে একেবারে ভাত বাদ দেওয়ার পক্ষপাতী নন বিশেষজ্ঞরা। বরং কী পরিমাণ খাওয়া হচ্ছে, তার সঙ্গে কী খাওয়া হচ্ছে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। ভাতের সঙ্গে যদি পর্যাপ্ত সবজি ও প্রোটিন থাকে, তাহলে তা গ্লাইসেমিক ইনডেক্স কমায়। ফলে শর্করা শরীরে ধীরে ধীরে প্রবেশ করে।

কারা ভাত খাবেন, কারা রুটি?
যারা শারীরিক পরিশ্রম বেশি করেন, যেমন মাঠে কাজ করা শ্রমিক বা কৃষক তাদের জন্য ভাত উপযোগী। এটি দ্রুত শক্তি জোগায়। আবার যারা অফিসে বসে কাজ করেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য মোটা আটার রুটি ভালো বিকল্প হতে পারে। কারণ এতে ফাইবার বেশি থাকে, পেটও অনেকক্ষণ ভরা থাকে।
আটার সঙ্গে শাকপাতা, গাজর বা ডাল মিশিয়ে রুটি বানালে তা আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। পাশাপাশি ক্যালোরির মাত্রাও কিছুটা কমে।
পুষ্টিবিদ মালা মনরাল মনে করেন, প্রতিটি মানুষের খাদ্য পরিকল্পনা হওয়া উচিত তার জীবনধারা ও প্রয়োজন বুঝে। রুটি বা ভাত যেটিই খান না কেন, সেটি যেন পরিমিত ও সুষম হয়।
সুতরাং, রুটি ভালো না ভাত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে ভাবতে হবে আপনি কে, কী করেন এবং কী খাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে।