জাতীয়

জুলাই সনদে পরে সই করার সুযোগ থাকবে: আলী রীয়াজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম

জুলাই সনদে পরে সই করার সুযোগ থাকবে: আলী রীয়াজ
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ যদি কোনও রাজনৈতিক দল শুক্রবার স্বাক্ষর না করতে পারে, তবে পরবর্তীকালে তাদের জন্যও সই করার সুযোগ থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করবে। কমিশনের সদস্যরাও এতে স্বাক্ষর করবেন। সর্বশেষে কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা সনদে সই করবেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য সনদের কপি বিতরণের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, কেউ যদি শুক্রবার সই করতে না পারে এবং পরে স্বাক্ষর করতে চায়, তাহলে তারা সনদ প্রক্রিয়ার অংশীদার হিসেবে তা করতে পারবে। তবে তিনি আশা প্রকাশ করেন, সব দল উৎসবমুখর পরিবেশে একসঙ্গে সই করবে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ‘আইনি ভিত্তি ছাড়া’ তারা সনদে সই করবে না। এ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “কমিশন এনসিপির বক্তব্য গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে। তারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং সনদ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। আমরা মনে করি, সনদের আইনি ভিত্তি থাকা জরুরি, এবং কমিশনের মেয়াদকালেই এ বিষয়ে পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়া হবে।”

তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের জন্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

বাম দলগুলো সনদে স্বাক্ষর না করার ঘোষণা দেওয়ায় আলী রীয়াজ বলেন, “আলোচনার সময় তারা তাদের আপত্তি জানিয়েছে। ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে আমরা আশা করি, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “সনদে স্বাক্ষর করা মূলত একটি আনুষ্ঠানিকতা। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে তাদের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের মানুষ পর্যবেক্ষণ করেছে।”

সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই সনদই এই আয়োজনের মূল আকর্ষণ। এটি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।”

তিনি জানান, অনুষ্ঠানে সনদ তৈরির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। পরবর্তী দুই মাসে এ বিষয়ে আরও কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রমুখ।