জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের প্রস্তুতি সম্পূর্ণ। আমাদের কোনো ধরনের সমস্যা হবে না।’ তিনি নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন, বিশেষ করে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে। আর নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বডিওর্ন ক্যামেরা কেনার জন্য সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনে এসব ক্যামেরা কেনা হবে।

বিমানবন্দর ও প্রবাসী সেবার বিষয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই বিদেশে অবস্থিত সব বাংলাদেশি দূতাবাস ও মিশনে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে।’ প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং বিমান ও বিমানবন্দরে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজসহ কয়েকটি স্থানে আগুন লাগার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব ঘটনা তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।’