জাতীয়
লকডাউনে রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতেও দেশের রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “লকডাউনের নামে কিছু এলাকায় কর্মসূচি থাকলেও রাস্তাঘাটে তেমন প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক, কোথাও আতঙ্ক বা অস্থিরতা নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনগণের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগ দেখা যায়নি। কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই-একটি ছোটখাটো ঘটনা ঘটলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”
তিনি বলেন, “সবাই যদি সহযোগিতা করে, তাহলে দেশের কোথাও কোনো সমস্যা হবে না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।”
শেখ হাসিনাকে ভারতে থেকে দেশে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয়। আমরা সে পথেই এগোচ্ছি। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে।”