জাতীয়

ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা: আইআরআই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম

ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা: আইআরআই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা ও সন্তুষ্টি প্রকাশ করেছে-ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন তথ্য।

আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত দেশব্যাপী এই জরিপে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ ড. ইউনূসের কর্মদক্ষতায় সন্তুষ্ট, আর ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ইতিবাচক বলে মনে করেন।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও জরিপের ফলাফল প্রসঙ্গে বলেন, “স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ দেশে অগ্রগতির সম্ভাবনা দেখছেন। জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশাকে তুলে ধরে।”

জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহও অত্যন্ত বেশি। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ‘খুবই আগ্রহী’ ভোট দিতে। আরও ২৩ শতাংশ বলেছেন, তাদের ‘কিছুটা আগ্রহ’ রয়েছে।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উৎসাহ প্রমাণ করে যে, চলমান সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত জরুরি।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে নীতিমালা, শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমত জরিপ পরিচালনা করে। তারা জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।

—বাসস