জাতীয়
ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ'র দল
আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগামী ১৭ জানুয়ারি থেকে সারাদেশে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল।
প্রথম ধাপে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিতভাবে মূল দলের কাছে প্রতিবেদন জমা দেবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কাঠামো, কার্যপরিধি ও কাজের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, ১৭ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এ ছাড়া ভোটগ্রহণের আগে ও ভোটের দিন নির্বাচন পরিচালনা, ভোট গণনা এবং ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।
ইইউ প্রতিনিধিরা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই এই মিশন পরিচালিত হবে। পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরা হবে। নির্বাচনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে এই মিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ইইউ’র পর্যবেক্ষণ কার্যক্রম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।