জাতীয়
জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় থাকবে না পতাকা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পতাকাবাহী গাড়িতে করে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যাবেন। শপথ শেষে একই গাড়িতে তাঁরা নিজ নিজ বাসায় ফিরবেন; তবে ফেরার সময় গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না।
বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও-এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব-এর দেশ ছাড়ার প্রসঙ্গ উঠে এলে প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টারা শপথের দিন দেশে থাকবেন, শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। শপথের সময় তারা পতাকাবাহী গাড়িতে যাবেন। শপথ সম্পন্ন হওয়ার পর সেই গাড়িতেই তাঁদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে তখন গাড়িতে পতাকা থাকবে না।’
উপদেষ্টাদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘তারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।
আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বিদায় ঘটবে।