জাতীয়
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন চলবে বলেও নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের ১ম) অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সময় বণ্টন এবং অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। সেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময়সূচি বা কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাব জমা পড়েছে ৯৭টি।