জাতীয়
চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। শুধু চাঁদাবাজদের নয়, তাদের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় সাত সদস্যের একটি চক্রের চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।