রাজনীতি

জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখার জন্য অপেক্ষা করছি: আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখার জন্য অপেক্ষা করছি: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আমরাও অপেক্ষা করছি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখার জন্য। আমাদের ওপর যদি জনগণ আস্থা রাখে, আমরা যেন শুরু থেকেই মানুষের পাশে দাঁড়াতে পারি সে প্রস্তুতি আমরা নিচ্ছি।

শুক্রবার (২৯ আগস্ট) বরিশালে ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে মেলার আয়োজন করা হয়।

বর্তমান সরকারের প্রসঙ্গে আমীর খসরু বলেন, “এটা একটি অন্তর্বর্তী ও সাময়িক সরকার। এটি অনির্বাচিত, তাই আমি তাদের নিয়ে মন্তব্য করতেও আগ্রহী নই। আমার কোনো প্রত্যাশাও নেই।”

তিনি আরও বলেন, “সবাই এখন ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে। সেই নির্বাচনেই জনগণ তাদের মত প্রকাশ করতে পারবে, গণতন্ত্র ফিরবে, এবং মানুষ নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।” সেই সরকারই জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ব্যবসা ও গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গ্রামের একটি ছোট পণ্যও হতে পারে মানুষের ভাগ্য বদলের হাতিয়ার। সেই পণ্য নতুন ডিজাইনে তৈরি হয়ে দেশ ও বিদেশে বিক্রি হবে। এর মাধ্যমে গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে—এই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

তিনি জানান, জনগণের প্রয়োজন ও সমস্যাগুলো জানতেই বিএনপি মাঠে নেমেছে এবং তারা ক্ষমতায় গেলে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সেই রূপরেখাও তৈরি করছে।