রাজনীতি

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমানের সম্পদের পরিমাণ ৪৬ কোটি, জোড়া অস্ত্রের সন্ধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমানের সম্পদের পরিমাণ ৪৬ কোটি,  জোড়া অস্ত্রের সন্ধান
ঢাকা–৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের নতুন মুখ ব্যবসায়ী হামিদুর রহমানের হলফনামা এখন টক অফ দ্য টাউন। রাজনীতিতে প্রথমবার নাম লিখিয়েই সম্পদের হিসাবে অনেক বাঘা বাঘা নেতাকে ছাড়িয়ে গেছেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। শুধু তাই নয়, নিজের নিরাপত্তার জন্য তাঁর সংগ্রহে রয়েছে একটি পিস্তল ও একটি শটগান।

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, হামিদুর রহমানের স্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ৪৩ কোটি ৮০ লাখ টাকারও বেশি। এর মধ্যে প্রায় ৪ হাজার ৭৪৫ শতাংশ কৃষিজমি এবং ৩৫ হাজার বর্গফুটের বিশাল ভবন রয়েছে। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২১ লাখ টাকা, যার বড় একটি অংশ ব্যয় হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার বিলাসবহুল গাড়ির পেছনে। এছাড়া নগদ জমা আছে ১ কোটি ১৩ লাখ টাকা।

পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয় ৪২ লাখ টাকার উপরে। আয়ের প্রধান উৎস বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া। তবে সম্পদের পাশাপাশি তাঁর ঋণের বোঝাও কম নয়। বিভিন্ন ব্যাংক এবং প্রবাসী আত্মীয়দের কাছে তাঁর মোট দায়ের পরিমাণ ৬ কোটি ৪১ লাখ টাকা।

হামিদুর রহমানের পাশাপাশি তাঁর স্ত্রী শামীমা পারভীন ও ছেলে শাফি ইসমাম ইফতিও কোটিপতি। স্ত্রীর নামে প্রায় ৯৭ লাখ টাকার সম্পদ এবং ছেলের নামে পূর্বাচলে মূল্যবান আবাসিক প্লট রয়েছে। মজার ব্যাপার হলো, সম্পদের বিস্তারিত তথ্য দিলেও হলফনামায় নিজের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ঘরটি খালি রেখেছেন এই প্রার্থী।

পুরান ঢাকার লালবাগ, চকবাজার ও বংশাল নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো লড়াই করবেন তিনি।