রাজনীতি

আর কোনো মবস্টারকে সচিবালয়ে দেখলে ঠ্যাং থাকবে না: ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

আর কোনো মবস্টারকে সচিবালয়ে দেখলে ঠ্যাং থাকবে না: ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
ছবি: সংগৃহীত

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ‘মবস্টারদের’ বিরুদ্ধে কড়া অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সচিবালয়, শিক্ষক নিয়োগ বা ক্যাম্পাসে কোনো ধরনের ‘মব আচরণ’ আর বরদাশত করা হবে না।

সোমবার (১৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের দুই দিনের অবস্থান কর্মসূচি শেষের আগে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আমানউল্লাহ আমান বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদল কোনো দিনই সচিবালয় বা সরকারি দপ্তরে যায়নি, কোনো সুযোগ-সুবিধাও নেয়নি। যারা হঠাৎ দেশের স্বার্থে আন্দোলনে নেমেছে, তাদের সবাইকে তারা স্বাগত জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে যারা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু পরে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন, তাদেরও ভাই হিসেবে গ্রহণ করা হয়েছিল বলে জানান তিনি।

তবে তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু তরুণ সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এসব ব্যক্তি সচিবদের সরানো, ডিসি-এসপিদের পদায়ন ও পদত্যাগে ভূমিকা রাখছে বলে অভিযোগ তোলেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এতদিন তারা ধৈর্য ধরে ছিলেন। তবে এখন আর সহ্য করা হবে না। সচিবালয়, শিক্ষক নিয়োগ বা ক্যাম্পাসে কোনো ‘মবস্টারকে’ খবরদারি করতে দেখা গেলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘মবক্রেসি’ ছাত্রদল কখনোই মেনে নেবে না। একই সঙ্গে শাহবাগে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের হুমকির অভিযোগ তুলে তিনি এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ৫ আগস্টের আগে ছাত্রলীগ করার দায়ে যদি বিচার শুরু হয়, তাহলে শাহবাগ শূন্য হয়ে যাবে।