রাজনীতি

'এটা শাহবাগ নয়' সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোনঃ সারজিস 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২৭ এএম

'এটা শাহবাগ নয়' সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোনঃ সারজিস 
ছবিঃ সংগৃহীত

সংসদে ‘এটা শাহবাগ নয়’ মন্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল। 

গতকাল রবিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা সংসদীয় বিধি অতিক্রম করলে ‘এটা শাহবাগ নয়’—এমন মন্তব্য করা হয়, যা ‘জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন’ বহন করে।

সারজিস আলম দাবি করেন, অতীতে ভোট কারচুপির অভিযোগের পরও জনগণ বিএনপির ডাকে রাজপথে নামেনি, কারণ দলটির প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনই বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।

তার ভাষ্য, “জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে।”

সংসদীয় কার্যপ্রণালির বিষয়ে স্পিকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, কোনো বক্তব্য বিধিবহির্ভূত হলে তা সংসদীয় বিধি অনুযায়ী সংশোধন করা যেতে পারে। তবে শাহবাগ বা জুলাইয়ের রাজপথকে অবমাননাকর ভঙ্গিতে উপস্থাপন করা উচিত নয়।

তিনি বলেন, “এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপির নীরবতার নয়। ২০২৪ সালের শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র-জনতার প্রতীক।”

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সময় স্পিকার ও ডেপুটি স্পিকার ‘এটা শাহবাগ নয়’ মন্তব্য করলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।