প্রবাস

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার ছাড়াল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা অংশগ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৬৯ হাজার ২৬০ জন। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ২৬১ জন পুরুষ এবং ২৪ হাজার ৯৯৯ জন নারী। নির্দিষ্ট সময়ে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা অংশ নিতে পারবেন। নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন চলছে এমন দেশে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট পূর্ণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রায় ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে ইসি।