ধর্ম
শুভ জন্মাষ্টমী আজ, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ঘিরে সারা দেশে উৎসব
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে আজ শনিবার (১৬ আগস্ট) সারা দেশে উদ্যাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী।
হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি জন্ম নেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল আটটায় চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল তিনটায় রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রীকৃষ্ণ পূজা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।