ধর্ম

খতমে নবুওয়ত মহাসম্মেলন: কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম

খতমে নবুওয়ত মহাসম্মেলন: কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানরা পায়ে হেঁটে, বাস, মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহনে সভাস্থলে প্রবেশ করছেন। উদ্যানটি ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

মহাসম্মেলন সকাল ৯টায় শুরু হয়েছে চলবে দুপুর পর্যন্ত। আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এ সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হবে, ইনশাআল্লাহ।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

khotome_nabuwat1_Dhakaprokash.jpg

দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেমরা উপস্থিত আছেন। অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম সহ আরও অনেকে।

বাংলাদেশ থেকে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

প্রসঙ্গত, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি। খতম অর্থ শেষ বা সমাপ্তি, আর নবুওয়ত অর্থ পয়গম্বরি বা নবিত্ব। ইসলামী পরিভাষায় মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে গ্রহণ করাকে খতমে নবুওয়ত বলা হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।” (সুরা আহজাব : ৪০)