ধর্ম

পবিত্র শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

পবিত্র শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি
ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাত উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভায় জানানো হয়, দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে ১৪৪৭ হিজরি সনের শাবান মাস গণনা শুরু হবে।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও এর বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা সংক্রান্ত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাত অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে লাইলাতুল বরাত বা পবিত্র শবে বরাত পালিত হয়। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।