ধর্ম

আজ পবিত্র শবে বরাত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

আজ পবিত্র শবে বরাত
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত, যা ইসলামি ধর্মে লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনী হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়।

বাংলাদেশের মুসলমানরা রাতটি পালন করেন নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দান-সদকা মাধ্যমে। এতে মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়। পবিত্র রাতটি মুসলিম বিশ্বে সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচিত।

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন। তিনি বলেন, “মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত।” তিনি দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শবেবরাত শব্দটি ফারসির ‘শব’ (রাত) ও ‘বরাত’ (সৌভাগ্য) থেকে এসেছে। আরবিতে রাতটিকে ‘লাইলাতুল মুবারাকা’ বলা হয়। হাদিসে বলা হয়েছে, শাবান মাসের ১৪ শিবাগত রাত হলো ‘লাইলাতুল নিসফে শাবান’, যা অত্যন্ত মহিমান্বিত।

ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে অতীতের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা, পিতামাতার কবর ও বিভিন্ন বুজুর্গের মাজার জিয়ারতসহ ইবাদত ও দোয়ার মাধ্যমে রাতটি সম্পন্ন করবেন। পাশাপাশি অনেকে আত্মীয়-প্রতিবেশীর হক আদায় এবং গরিব-দুঃখীর মধ্যে হালুয়া, রুটি ও উপাদেয় খাবার বিতরণ করবেন।

পবিত্র শবেবরাত মুসলিমদের জন্য রমজানের আগমনি বার্তাও বহন করে। শাবান মাসের ১৪ দিনের পরই শুরু হয় পবিত্র রমজান। তাই শবেবরাতের রাতকে অনেকেই রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে গ্রহণ করেন। দেশব্যাপী মসজিদগুলোতে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি চ্যানেল ও রেডিও এই ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।