ধর্ম

শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এর আগে একই ধরনের অভিযোগে ড. মিজানুর রহমান আজহারির ভিসা বাতিলের পরপরই এবার শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধেও পদক্ষেপ নিলো অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী বক্তব্যের অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের প্রস্তুতির সময়ই শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট।

তিনি বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার কোনো ধরনের সহনশীলতা দেখায় না।

এদিকে, ‘ডেইলি টেলিগ্রাফ’ও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জানা গেছে, আইপিডিসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন।

সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছান এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। তার ধারাবাহিক কর্মসূচির মধ্যে ছিল ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে বিভিন্ন অনুষ্ঠান।

তবে নির্ধারিত এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই ভিসা বাতিলের কারণে তাকে অস্ট্রেলিয়া ত্যাগ করতে হচ্ছে।