ধর্ম
বিয়ে করলে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়?
বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায়। অনেকের মধ্যেই একটি প্রশ্ন থাকে—বিয়ে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? এ বিষয়ে ইসলামি ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র কুরআনে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের অধীনস্থদের বিয়ে দেওয়ার জন্য। যদি তারা আর্থিক সংকটে থাকে, তাহলে বিয়ের পর আল্লাহ তাদের সচ্ছলতা দান করবেন—এমন প্রতিশ্রুতিও রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই না- আপনার কাছে মোহরানা নাই, স্ত্রী মাতাআল্লি নাই এমনকি ডাল-ভাতের ব্যবস্থা নাই, ঢাল নাই, তলোয়ার নাই কিন্তু আপনি নিধিরাম সরদার হতে চাচ্ছেন। এই সুযোগ নাই। এসব ব্যবস্থা না থাকলে নবীজির নিদের্শ অনুযায়ী আপনার উচিত রোজা রাখা। বিয়ে করবেন তখন, যখন আপনি মিনিমাম স্ত্রীর মোহরানা ও ডাল-ভাতের যোগাড় করতে পারবেন। এর পর যেটুকু টানাটানি আছে- আল্লাহর শপথ আছে, তিনি আপনার অভাব দূর করে দেবেন।
এ প্রসঙ্গে তিনি হযরত ওমর (রা.)-এর একটি বর্ণনা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে—যে ব্যক্তি সচ্ছলতা কামনা করে কিন্তু বিয়ে করে না, তাকে দেখে বিস্ময় লাগে।
সার্বিকভাবে ইসলামি শিক্ষার আলোকে বলা হয়, সঠিক প্রস্তুতি, নিয়ত ও বিশ্বাসের সঙ্গে বিয়ে করলে আল্লাহর পক্ষ থেকে বরকত ও রিজিক বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।