ধর্ম

নাপাক পানিতে মোবাইল পড়লে যেভাবে পবিত্র করবেন


ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

নাপাক পানিতে মোবাইল পড়লে যেভাবে পবিত্র করবেন
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে মোবাইল ফোন এখন প্রায় সবারই প্রয়োজনীয় সঙ্গী। তবে দুর্ঘটনাবশত মোবাইল নাপাক পানিতে পড়ে গেলে সেটি কীভাবে পবিত্র করতে হবে এবং পবিত্র না করে সঙ্গে নিয়ে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।

ইসলামি আইনশাস্ত্র বা ফিকহের দৃষ্টিতে মোবাইল ফোনকে মসৃণ ও অছিদ্রযুক্ত বস্তুর সঙ্গে তুলনা করা হয়। আয়না, কাচ, মসৃণ ধাতু বা প্লাস্টিকের মতো বস্তুর বাহ্যিক অংশে নাপাকি লাগলে তা ভালোভাবে দূর করে দিলেই পবিত্র হয়ে যায়।

মোবাইলের যে অংশ পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা নেই, যেমন ওয়াটারপ্রুফ আবরণ বা ব্যাককেসিং, সেটি পানি দিয়ে তিনবার ধুয়ে নিলে পবিত্র হয়ে যাবে।

তবে মোবাইলের ভেতরের যন্ত্রাংশে পানি ঢুকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে সরাসরি পানি ব্যবহার না করেও নাপাকি দূর করা যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার পানিতে হালকা ভেজা কাপড় বা টিস্যু দিয়ে নাপাক স্থানটি ভালোভাবে তিনবার মুছে নিতে হবে।

এ ছাড়া হ্যান্ড স্যানিটাইজার, থিনার বা পেট্রলের মতো পবিত্র তরল দ্রাবক ব্যবহার করেও নাপাক অংশ পরিষ্কার করার কথা ফিকহের বিধানে উল্লেখ করা হয়েছে। কাপড় বা তরল দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে প্রতিবার মোছার পর স্থানটি শুকিয়ে নিতে হবে। অর্থাৎ একবার মুছে শুকানোর পর দ্বিতীয়বার এবং এরপর তৃতীয়বার মুছে পরিষ্কার করতে হবে।

তবে নাপাক পানি যদি মোবাইলের ভেতরের সূক্ষ্ম ছিদ্র বা সকেটে ঢুকে যায়, যেমন চার্জ দেওয়ার স্থান, স্পিকার কিংবা হেডফোনের সংযোগস্থলে, তাহলে শুধু বাইরের অংশ মুছে ফেললেই হবে না। ভেতরে প্রবেশ করা নাপাকিও দূর করতে হবে।

ফিকহের বিধান অনুযায়ী, মোবাইল থেকে নাপাকি পুরোপুরি দূর করার পর সেটি সঙ্গে নিয়ে নামাজ আদায় করা যাবে। তবে নাপাকি দূর না করে মোবাইল পকেটে রেখে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না।

সূত্র: ফতোয়া-ই-শামি: ১/২৮২, ফতোয়া-ই-হিন্দিয়া: ১/৩৯