ধর্ম

শুভ জন্মাষ্টমী আজ, রাজধানীসহ সারাদেশে নানা আয়োজন


ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

শুভ জন্মাষ্টমী আজ, রাজধানীসহ সারাদেশে নানা আয়োজন
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সারাদেশে উৎসবটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অত্যাচারী কংসের কারাগারে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। অন্যায়, অত্যাচার ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কারণে সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এতে তারা সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উৎসব উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও পূজামণ্ডপে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব আজ শুরু হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা। গীতাযজ্ঞ পরিচালনা করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

উৎসবের দ্বিতীয় ও শেষ দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি হবে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে রাজধানীর স্বামীবাগ আশ্রমে জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা সভার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হবে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মন্দির, মঠ ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে কীর্তন, পূজা, আরতি, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারাও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।